স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়ায় মরহুম এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলছে।

টুর্নামেন্টকে দর্শকবান্ধব, আকর্ষণীয় ও মানসম্মত করে তুলতে গতকাল বরুড়া উপজেলা ক্রীড়া কমিটির সদস্যরা খেলার মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা মাঠের সার্বিক পরিবেশ, খেলাধুলার উপযোগিতা, মাঠের অবকাঠামো, দর্শকদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন ও পর্যালোচনা করেন।

মাঠ পরিদর্শনকালে সংশ্লিষ্টরা টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড় ও দর্শকদের জন্য একটি সুশৃঙ্খল ও উপভোগ্য পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। খেলাধুলায় বাড়ুক সম্প্রীতি, মাদকমুক্ত সমাজ গড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *