স্টাফ রির্পোটার: শিক্ষকরা প্রকৃত মানুষ তৈরির কারিগর। তাই শিক্ষকদের রাজনীতি থেকে বিরত থেকে পাঠদানে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, “আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদের হাত ধরেই একটি প্রজন্ম গড়ে উঠবে। তাই রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়িয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলায় মনোযোগ দিতে হবে।” বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।” তিনি শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার শিক্ষকদের এআই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। আপনারা প্রশিক্ষণ নিন, কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জন করুন এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন।” শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, “শুধু বিদ্যালয়ে পাঠদান করলেই হবে না, অভিভাবকদেরও সঠিক প্যারেন্টিং সম্পর্কে ধারণা দিতে হবে। সন্তানকে কীভাবে সময় দিতে হবে, কীভাবে তার মানসিক বিকাশে সহায়তা করতে হবে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন করতে হবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়ায় সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের মননশীল ও সৃজনশীল করে তুলতে হবে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। তাদের কথা শুনতে হবে, তাদের চিন্তা করার সুযোগ দিতে হবে। একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, একজন ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীকে গড়ে তোলাও।” সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. জুনাব আলী, অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। Post navigation বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা