মো. শরীফ উদ্দিন: কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হরিশপুরা কামাল হোসেন কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হরিশপুরা কামাল হোসেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবদুল মমিন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ এবং ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান হরিশপুরা কামাল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম হোসেন রুবেলসহ কলেজের শিক্ষকরা।

সভাপতির বক্তব্যে কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুল মমিন পাটোয়ারী বলেন, কলেজে শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, শিক্ষা উপকরণ বিতরণ, অর্থনৈতিক সংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সহায়তা, জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, বরুড়া উপজেলায় ব্যক্তি উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় সমাজ আলোকিত হচ্ছে। তিনি আড্ডা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় এসকিউ গ্রুপের চেয়ারম্যান শফিউদ্দিন শামীমের পিতা আবদুল কাদের, ছোট তুলাগাঁও মহিলা কলেজ ও স্কুল প্রতিষ্ঠায় ইঞ্জিনিয়ার আতিকুর রহমান এবং সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অধ্যাপক নুরুল ইসলাম মিলনের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া সোনাইমুড়ী এলাকায় বিভিন্ন স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং বর্তমানে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণে তাঁর পিতা মরহুম এ কে এম আবু তাহেরের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষগুলো এগিয়ে না এলে সমাজ ও দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের দায়িত্ব নেবে। তাই সবাইকে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। মোবাইল ফোনে আসক্তির কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সঙ্গদোষ থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের সতর্ক করেন।

মাদক প্রতিরোধে দল-মত নির্বিশেষে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কমিটি গঠনের মাধ্যমে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় বিভিন্ন রাস্তাঘাট পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানানো হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, তিনি এ এলাকার সন্তান। এলাকার বিভিন্ন সমস্যা ধীরে ধীরে সমাধানের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন।

পরে অতিথিরা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *