স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রামের ভূঁইয়া বাড়িতে এক নির্মম ও নৃশংস হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। মো. সোহেল ভূঁইয়ার একমাত্র ছেলে শিশু লাবিবকে শ্বাসরোধ ও মাথায় মারাত্মক আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং কোমায় থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সোহেল জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—তলাগ্রামের বাসিন্দা শাকিল হোসেন (১৯) ও জাহিদ হোসেন (২৩)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মে নিখোঁজ হয় শিশু লাবিব। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তলাগ্রামের একটি নির্জন পরিত্যক্ত স্থানে তাকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, লাবিবের মাথায় মারাত্মক আঘাত করা হয়েছে এবং গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন থাকলেও এখনো তার জ্ঞান ফেরেনি। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক অবস্থায় লাবিবের বাবা-মা ও পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। সন্তানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার অসহায় পরিবার। এদিকে এ নৃশংস ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। Post navigation বরুড়ায় বিশেষ অভিযানে চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের আট সদস্য গ্রেফতার