বরুড়া প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা-২০২৬ উপলক্ষে বরুড়া থানায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে বরুড়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। সভায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. তপন কুমার ভৌমিক। এছাড়া রথযাত্রা ও উল্টো রথযাত্রা-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলার পাঁচটি মন্দিরের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুর্দশন ভদ্র, তাপস লাল দত্ত, রাজিব দত্ত, তপন কৃষ্ণ বণিক, কিরণ সরকার, রাজন বণিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় রথযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মন্দিরে ৩ থেকে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি মন্দির কর্তৃপক্ষ নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) নিয়োজিত রাখবেন, যাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। এছাড়া তলাগ্রাম মন্দির এলাকায় তিনটি দিক থেকে যানবাহন চলাচল করায় রথযাত্রার সময় জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, “রথযাত্রা ও উল্টো রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মন্দিরে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানাই।” বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. তপন কুমার ভৌমিক বলেন, “রথযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। প্রতিটি মন্দিরেও নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতায় বরুড়ায় রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।” Post navigation বরুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে, লক্ষ্যমাত্রা ৭৩ হাজার ২০০ শিশু বরুড়া পৌরসভায় ২৩ দুস্থ-অসহায় নারী-পুরুষের মাঝে ৮৮ হাজার টাকা অনুদান বিতরণ