বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌর এলাকায় একই রাতে দুটি দোকান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তার বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে বরুড়া পূর্ব বাজার ও পশ্চিমপাড়া মাস্টারপাড়া এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া পূর্ব বাজারে মাহবুবুল হাসান পাটোয়ারীর মোবাইল ফোনের দোকান এবং জাফরের সিমেন্টের দোকানে চুরির ঘটনা ঘটে। একই রাতে পৌরসভার পশ্চিমপাড়া মাস্টারপাড়া (সাবেক কলাবাগান) এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমদাদুল হকের বাসভবনেও চুরি হয়। মাহবুবুল হাসান পাটোয়ারীর দোকান থেকে মোবাইল ফোন ও মোবাইল ফোনের বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দোকানে চুরির বিষয়টি তিনি বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে জানান। এদিকে, কর্মকর্তা মো. ইমদাদুল হকের বাসভবন থেকে একটি পানির ইলেকট্রনিক মোটর, পাইপ, চার কয়েল বৈদ্যুতিক তার, বাথরুমের আটটি কলসহ বিভিন্ন স্যানিটারি ও আনুষঙ্গিক সরঞ্জাম চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ ক্ষয়ক্ষতির পরিমাণ নোট করে নিয়ে যায়। একই রাতে পৌর এলাকার একাধিক স্থানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সিমেন্টের দোকান থেকে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ বরুড়ায় তাবুক এয়ার ট্রাভেলসের ৫ বছর পূর্তি উপলক্ষে হাজিদের মিলনমেলা ও প্রশিক্ষণ