বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন মাদক মামলার আসামি এবং তিনজন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বরুড়া থানা পুলিশের পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রাবেয়া খাতুন (৩০) এবং ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাবেয়া খাতুন কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের চিকুটিপাড়া এলাকার বাসিন্দা। এ মামলায় শিরন মিয়া (৬২) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। অন্যদিকে, ইয়াবাসহ গ্রেপ্তার তরিকুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে বরুড়ায় দুলাল মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকতেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে বরুড়ার পয়ালগাছা এলাকার মো. রাশেদ (২৪) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে ঘোষ্পা পশ্চিমপাড়া এলাকার শাহাদাৎ (৩২) ও জীবনপুর চৌধুরী বাড়ি এলাকার লিপি আক্তার (৫৫) কে গ্রেপ্তার করা হয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে বরুড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্র: বরুড়া থানা পুলিশ, কুমিল্লা। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation সাপে কাটা শিশুকে ওঝার কাছে নিয়ে ৬ ঘণ্টা সময়ক্ষেপণ, পরে হাসপাতালে মৃত্যু বরুড়ায় আগুনে পুড়ল জাহাঙ্গীরের বসতঘর