স্টাফ রির্পোটার: বরুড়া উপজেলার শীলমুড়ী উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী তারেক মাহমুদ বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে একটি অত্যাধুনিক ঘাস কাটার মেশিন উপহার দিয়েছেন। খেলার মাঠকে আরও উপযোগী, পরিচ্ছন্ন ও আধুনিকভাবে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরুড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘাস কাটার মেশিনটি বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। এছাড়াও উপস্থিত ছিলেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়ছার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এনামুল হক মনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ঐশী, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল, সদস্য নজরুল ইসলাম সাদ্দাম, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৌকির আলম পাবেলসহ ক্রীড়া ও সামাজিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানসম্মত খেলার মাঠ গড়ে তুলতে নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ঘাস কাটার মেশিনটি মাঠের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং খেলোয়াড়দের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করবে। বরুড়া উপজেলা ক্রীড়াঙ্গনের উন্নয়নে তারেক মাহমুদের এই মহৎ উদ্যোগ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর এ অবদান কেবল মাঠের উন্নয়নেই নয়, বরং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ সময় বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তারেক মাহমুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ বলেন, সমাজ ও ক্রীড়ার উন্নয়নে তাঁর মতো বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। Post navigation বরুড়া পৌরসভায় ২৩ দুস্থ-অসহায় নারী-পুরুষের মাঝে ৮৮ হাজার টাকা অনুদান বিতরণ