স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া বাজারে চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বরুড়া বাজার ব্যবসায়ী কমিটি। এ লক্ষ্যে ব্যবসায়ী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন রাত ১১টার পর ঔষধের দোকান ছাড়া বাজারের সকল দোকানপাট বন্ধ রাখতে হবে। এছাড়া প্রতিটি দোকানের সামনে সারারাত কমপক্ষে একটি করে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখতে হবে, যাতে বাজার আলোকিত থাকে এবং অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের সুযোগ কমে যায়।

এছাড়াও বাজারের সকল মার্কেটের প্রধান ফটক রাত ১১টার পর তালাবদ্ধ রাখতে হবে এবং মার্কেটের গলিপথগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ জানান, ব্যবসায়ী, প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত বাজার গড়ে তোলা সম্ভব। তিনি বাজারের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দিনের পাশাপাশি রাতের বেলাতেও বাজার পরিদর্শন করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পাহারাদারদের কার্যক্রম পর্যবেক্ষণ করা উচিত। কোথাও দায়িত্বে অবহেলা, অনিয়ম বা ত্রুটি দেখা গেলে তা তুলে ধরার পাশাপাশি গঠনমূলক পরামর্শ দেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সমালোচনার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সঠিক দিকনির্দেশনা বাজারের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এদিকে বাজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে রাতের বেলায় বাজার এলাকার কিছু ছবিও প্রকাশ করা হয়েছে।

ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ আশা করছেন, নতুন এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বরুড়া বাজারে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *