স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা এলাকায় শিশু মো. শাহেদ হত্যার আসামিদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আনুমানিক ১৩০ দিন পর সাহেদের ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। নিহত শিশু শাহেদের বাড়ি বরুড়া উপজেলার পশ্চিম আড্ডা এলাকায়।

রোববার (২৪ মে) দুপুরে আড্ডা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা শিশু শাহেদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা তারেক রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বরুড়ার গণমানুষের নেতা জাকারিয়া তাহের সুমনের সহযোগিতা কামনা করেন।

বক্তারা আরও বলেন, নিহত শিশু শাহেদের পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী “শিশু শাহেদ হত্যার বিচার চাই” স্লোগান দেন।

সাহেদের মা জানান, তারা প্রেম করে বিয়ে করেছেন। তার চাচারা সহ পরিবারের লোকজন সম্পর্ক মেনে নেয়নি। দীর্ঘ সময় তার সাথে যোগাযোগও রাখেনি। পরবর্তীতে সম্পর্ক স্বাভাবিক হলে বেড়াতে গেলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

উল্লেখ্য, নিহত সাহেদ একই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে আনুমানিক ২০/১২/২৫ তারিখে নিখোঁজ হয়। দুইদিন পর ২২/১২/২৫ তারিখে পুকুরে তার লাশ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *