স্টাফ রির্পোটার: বরুড়া পৌরসভা এলাকায় দিঘির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহারপদুয়া গ্রামের (পোদ্দার বাড়ী) পোদ্দার বাড়ীর দিঘিতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- বিপ্লব পোদ্দার ও রিপন পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং বন্নি পোদ্দার। তারা দুজনেই পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়রা জানান, স্কুলের বিরতির সময় বাড়িতে এসে দিঘির ঘাটলায় শিশুরা হাত মুখ ধুতে গিয়ে দিঘিতে পড়ে যায়। এসময় বাড়ির মহিলারা দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে তাদের কে পানি থেকে তুলে আনেন।

একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে সাহারপদুয়া গ্রামসহ পুরো বরুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং জানান, মর্মান্তিকভাবে পুকুরে ডুবে নিহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে সৎকারের জন্য ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। আমি সম্মানিত অভিভাবকদের অনুরোধ করবো স্কুল থেকে আসার পর বাচ্চারা কোথায় যায়, কি করছে এবং কার সাথে মেলামেশা করছে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *