স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তিনজন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ জুন) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন— মো. মাহবুবউল হক, উপ-প্রশাসনিক কর্মকর্তা; রতন সিংহ, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং মো. মফিজুর রহমান, জারীকারক। অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তাঁরা সরকারি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিদায়ী কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও সুখী অবসরজীবন কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, সরকারি চাকরি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলেও সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ কখনো শেষ হয় না। তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মনিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করে তাঁদের আগামী দিনের সুন্দর জীবন কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। Post navigation বরুড়ায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত বরুড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত