স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া উপজেলা পৌর সদরের থানা রোড এলাকায় স্বর্ণ ও কাপড়ের একাধিক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১০ জুন) সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। প্রাথমিকভাবে জানা গেছে, চোরের দল দোকানের উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে নিকেতন স্বর্ণালয় থেকে আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণের আংটি চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। এছাড়া বাসন্তী কাপড় ঘর-এর ক্যাশবাক্স ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

অন্যদিকে ব্রজানন্দ কাপড় ঘর-এও চুরির ঘটনা ঘটেছে। তবে দোকান মালিক উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া নূরে মদিনা জুয়েলার্স-এ প্রবেশ করলেও ভেতরের সুরক্ষিত বোল্ট ও লকার ভাঙতে না পারায় কোনো স্বর্ণালঙ্কার নিতে পারেনি চোরের দল।

ঘটনার খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

এদিকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আগে কম চাঁদায় পাহারার ব্যবস্থা থাকলেও বাজারে চুরির ঘটনা তুলনামূলক কম ঘটত। বর্তমানে বেশি অর্থ ব্যয় করেও ব্যবসা প্রতিষ্ঠানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তারা বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *